নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের সঙ্গে থাকা আরও দুইজন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন—চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)।
স্থানীয়রা জানায়, সকালে চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজের পর মাছ কেনার জন্য ভাটিয়ালপুর চৌরাস্তার দিকে রওনা দেন রোমান ও তার সঙ্গীরা। ভাটিয়ালপুর চৌরাস্তা সংলগ্ন শীতল পাটোয়ারি বাড়ির সামনে পৌঁছালে পিছন দিক থেকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠানো হয়। তারা দুজনই সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী মো. ইকরামকে (২৩) আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ জানায়, আটক ইমরান ও ইকরাম সহোদর। তাদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামে। তাদের পিতার নাম আনসার হাওলাদার। কাভার্ড ভ্যান নিয়ে তারা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপার থানায় আটক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন