রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১২ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তারা ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করবেন। তবে প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টরা ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করে মুদ্রণ করতে পারবেন।
সিডি সংগ্রহের জন্য মনোনয়নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা, অথবা রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আবেদন করতে হবে। ইউনিয়ন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় প্রতি সিডির জন্য ৫০০ টাকা, সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রতি ওয়ার্ডের জন্যও ৫০০ টাকা হারে ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে মূল্য জমা দিতে হবে। ট্রেজারি চালানের কোড নম্বর: ১০৬০১০১১০০১২৫-১৪২৩২৫৩।
প্রার্থীদের সরবরাহকৃত ছবি ছাড়া ভোটার তালিকার সিডিকে ছবিসহ মুদ্রিত তালিকার সঙ্গে শতভাগ যাচাই করে ভোটকেন্দ্রে পাঠাতে হবে। এছাড়া ভোট গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট দিতে পারবেন।
পরিপত্রে বলা হয়েছে, তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিনের মধ্যে পোস্টাল ভোট BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তফসিল ঘোষণার পরপরই ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করে দ্রুত অবহিত করতে।
রিপোর্টার্স২৪/আয়েশা