| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তফসিল ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৯:২৬:১৪:পূর্বাহ্ন  |  ৩৭৬৬৫০ বার পঠিত
তফসিল ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও কাজিপুর উপজেলার কয়েকটি স্থানে খণ্ড খণ্ড মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। ওই সময় তাদের অনেকের মুখেই মাস্ক ও মুখোশ পরা ছিল। এ–সংক্রান্ত ভিডিও এবং ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া–নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা এবং সংক্ষিপ্ত মশাল মিছিল করেন তারা।

কাজিপুর উপজেলার কয়েকটি স্থানেও মশাল মিছিল করেছেন একই দলের নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সিরাজগঞ্জ–১ (কাজিপুর–সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নামে স্লোগান দেন।

এছাড়াও সিরাজগঞ্জ শহরের রায়পুর ও চররায়পুর এলাকাতেও ঝটিকা মশাল মিছিল হয়েছে। এখানেও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সিরাজগঞ্জ–২ (সদর–কামরখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার নামে স্লোগান দেওয়া হয়।

মিছিলকারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দিতে শোনা যায়। তাদের বলতে শোনা যায়—অবৈধ তফসিল মানি না মানবো না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনা আসছে বাংলাদেশ কাঁপছে।

এ বিষয়ে উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, কিছু লোকজন মহাসড়কে মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা দ্রুত পালিয়ে যায়। পরবর্তিতে যেন এমন কিছু করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান বলেন, কাজিপুরে আমরা মশাল মিছিল করার তথ্য পেয়েছি। তবে কোন এলাকায় মিছিল হয়েছে এবং কারা এর সাথে জড়িত সেটি চিহ্নিত করার চেষ্টা করছি।

এদিকে, সিরাজগঞ্জ শহরের রায়পুর ও চররায়পুর এলাকায় মশাল মিছিলের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪