রিপোর্টার্স২৪ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত অত্যাধুনিক ইলেকট্রনিক স্পাই ডিভাইসসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে অভিযানে শাহারুন আলী (৩৮) ও মো. ইকবাল হোসেন জীবন (৩৫) নামে দুজনকে আটক করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৭৬টি ডিজিটাল স্পাই ডিভাইস, ৫০টি ইয়ারপিস, ৩টি ল্যাপটপ এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহারুন আলী সাধারণ যাত্রী সেজে চীন থেকে স্পাই ডিভাইসগুলো দেশে আনেন, আর বিমানবন্দরে অপেক্ষমাণ সহযোগী ইকবাল হোসেনের সঙ্গে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা এসব ডিভাইস অত্যাধুনিক প্রযুক্তির ক্রেডিট কার্ডের মতো দেখতে মূল ডিভাইস, অদৃশ্য ইয়ারপিস ও স্বচ্ছ থ্রেড। শরীরের কাছে ঝুলিয়ে রাখলেই ডিভাইসটি সিমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং কল রিসিভ করতে পারে। অদৃশ্য ইয়ারপিস কানের ভেতরে ঢুকিয়ে পরীক্ষার বাইরের চক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। পরীক্ষা শেষে স্বচ্ছ থ্রেড দিয়ে ইয়ারপিস বের করা যায়, ফলে ধরা পড়ার ঝুঁকি কম থাকে।
এ ঘটনায় শুক্রবার বিমানবন্দর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক বলেন, “এসব স্পাই ডিভাইস আমদানি নিষিদ্ধ। পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহারের প্রমাণ আগেও পাওয়া গেছে। যেকোনো অসাধু কার্যক্রম ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
রিপোর্টার্স২৪/আয়েশা