রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার দাবি জানান।
আসিফ মাহমুদ লিখেছেন, “হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন- এই দোয়া করুন সবাই।”
তিনি আরও উল্লেখ করেছেন, “সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এ ধরনের ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা উচিত।”
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
রিপোর্টার্স২৪/আয়েশা