ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর সদরের রাস্তার কাজের জন্য আনা ৪০ ব্যারেল বিটুমিন চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোর চক্র।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে কৈডুবি সদরদী রেল ক্রসিং পাশের মেসার্স বিল্লাল কন্সট্রাকশনের নৈশ প্রহরী রাজ্জাক মিয়াকে হাত ও পা বেঁধে রেখে বিটুমিন চুরির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ম্যানেজার আরিফ হোসেন। চুরি হওয়া বিটুমিনের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এ বিষয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, রাত একটার দিকে সংবদ্ধ ৬–৭ জন চোর চক্রের সদস্যরা শীতের মুখোশ ও টুপি পড়ে মেসার্স বিল্লাল কন্সট্রাকশনের নৈশ প্রহরী রাজ্জাক মিয়ার হাত ও পা বেঁধে ফেলেন। এরপর বিটুমিনের ড্রাম গাড়িতে তোলার মাধ্যমে পালিয়ে যায়। সংঘবদ্ধ চোরের দল চুরি করে পালিয়ে যাওয়ার সময় নৈশ প্রহরীর হাত ও পায়ের বাঁধন খুলে দেওয়া হয়, বলে জানান রাজ্জাক মিয়া।
বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
রিপোর্টার্স২৪/এসএন