স্টাফ রিপোর্টার: রাজধানীর বিজয়নগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হতে পারে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরে রয়েছে। হাদীর অস্ত্রোপচার চলছে। সরকার থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা বলা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা স্টেবল হলে সিএমএইচে নেওয়া হতে পারে।’
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোস্তাক আহমেদ জানান, ওসমান বিন হাদীর সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। তার অবস্থা গুরুতর।
শুক্রবার দুপুরে অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুইজন এসে ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব