নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া বান্দেরহাট সংলগ্ন মৃত বাবুল সারেংয়ের ঘরে এ ঘটনা ঘটে।
জানা যায়, চোর নগদ দুই লক্ষ টাকা ও বায়না করা দলিল নিয়ে গেছে। এর মধ্যে তিন লক্ষ টাকার দুইটি ঘর বন্ধকের স্ট্যাম্প রয়েছে।
ভুক্তভোগী আমেনা বেগম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পাশে তার বোনের বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন। সকাল বেলা বাড়ি এসে দেখেন ঘরের দরজা খোলা এবং ঘরের ভেতরে জামাকাপড়সহ আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ও দোকানদারদের ডেকে এনে ঘটনাটি দেখেন। তিনি আরও বলেন, তার ঘরে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য রাখা নগদ দুই লক্ষ টাকা এবং বাড়ির দলিল, বন্ধকীয় স্ট্যাম্প চুরি হয়ে গেছে।
তিনি টাকাগুলো সংরক্ষণ করেছিলেন পুরোনো কাপড়-চোপড়ের স্যুটকেসের ভেতরে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্যুটকেসটি পাশের বাড়ির জসিম উদ্দিন বদ্দার বাড়ির বাগানে পাওয়া যায়।
প্রতিবেশী নারী জসিম বদ্দার স্ত্রী স্বপ্না বেগম বলেন, তার মেয়ের জামাই সকাল বেলা ঘুম থেকে উঠে বাথরুমে গেলে ঘরের পেছনে স্যুটকেসটি দেখতে পেয়ে আমাদের জানান। পরে আমরা আশপাশের লোকজনকে জানালে তারা এসে স্যুটকেসটি খুলে এর মধ্যে পুরোনো কাপড়-চোপড় দেখতে পান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন