স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের পুলিশ শনাক্ত করেছে এবং যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের জন্য কাজ চলছে। এদিকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা জানান, হাদির অর্গান কাজ করছে। ইতোমধ্যে একটি অপারেশন সম্পন্ন হয়েছে। আশা করছি আর কোনো অপারেশন দরকার হবে না। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং অবস্থা সংকটাপন্ন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে দু’জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি ঢুকে বাম কানের পাশে বের হয়, এর কিছু অংশ ব্রেনে রয়ে গেছে।
হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি