নারায়নগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিলের আগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, প্রার্থীর ওপর হামলা প্রমাণ করে নির্বাচনী পরিবেশ এখনও উত্তেজনাপূর্ণ ও অস্বচ্ছ।
তিনি অভিযোগ করেন, জেলার বিভিন্ন এলাকায় এনসিপির প্রার্থীদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং প্রচারণায় হামলার শিকারও হতে হচ্ছে।
আল আমিন বলেন, তফসিল ঘোষণাকে তারা স্বাগত জানালেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সরকারের ও নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি দাবি করেন, হামলার ঘটনা সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা তুলে ধরছে।
তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তির ওপর হামলার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের স্বার্থে রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম ও মহানগরের সাবেক সভাপতি মাহফুজ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি