| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৬:১৮:৪১:পূর্বাহ্ন  |  ১১৪২৩৭৬ বার পঠিত
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযুক্তের অবস্থান বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় জড়িত ব্যক্তির সন্ধান দিতে ইচ্ছুক যে কেউ নির্ভয়ে পুলিশকে তথ্য দিতে পারবেন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে হামলায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক তৎপরতা চালাচ্ছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪