রিপোর্টার্স২৪ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ২৪ বছর বয়সী শান্ত নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। ভারতের হস্তক্ষেপের কারণে আহত অবস্থায় তার মৃত্যু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৩-এস সংলগ্ন এলাকায় বিএসএফ গুলি চালায়। ওই সময় স্থানীয়রা তিনটি গুলির শব্দ শুনেন। শান্ত গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে বিএসএফ তাকে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবি সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, “ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। আমাদের লক্ষ্য ছিল শান্তসহ সীমান্তবর্তী কয়েকজনকে রক্ষা করা। তবে সেই সময় বিএসএফের গুলিতে শান্ত আহত হন এবং পরে মারা যান। ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে আমাদের সীমান্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শান্তের লাশ আগামী ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হবে।”
বিজিবি সূত্র আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে শান্তের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম