স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার সকাল সোয়া ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে তিন দল থেকে দুজন করে প্রতিনিধি অংশ নেন। বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।
গত শুক্রবারই হাদিকে গুলি করার ঘটনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারীসহ পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, হাদির ওপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে এক উদ্বেগজনক ঘটনা। এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত। আমরা এই ধরনের হামলার চেষ্টাকে যেকোনো মূল্যে ব্যর্থ করব। দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কোনো অবস্থাতেই তা সফল হতে দেব না। দ্রুততম সময়ে হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করা হবে।
সভায় বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, হাদির অবস্থা সংকটাপন্ন। তার পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার স্থানের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। প্রধান উপদেষ্টা হামলাকারীদের দেশত্যাগ রোধ এবং সম্ভাব্য অপরাধীদের লুকিয়ে থাকার স্থানে অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। এছাড়া নির্বাচনকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করতে আগামী কয়েকদিনের মধ্যে একটি বিশেষ হটলাইন চালু করা হবে।
ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। তিনটি মোটরসাইকেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
রিপোর্টার্স২৪/এসসি