আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাই ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাংকার ইরানের কোস্টগার্ড বাহিনী জব্দ করেছে। জাহাজে থাকা ১৮ জন ক্রু সকলকে আটক করা হয়েছে। আটক ক্রুদের মধ্যে ইরান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাগরিক রয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একজন কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, নেভিগেশন সিস্টেম নষ্ট হওয়ার কারণে জাহাজটি সাগরে ভেসে চলছিল। ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজগুলো আটক করে।
ইরানে দেশীয় বাজারে তেলের দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এই সুযোগে দেশটিতে তেল চুরি ও পাচারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্র গড়ে উঠেছে। এসব চক্র সস্তায় ইরানের তেল কিনে অবৈধভাবে বিভিন্ন দেশে পাচার করে।
এর আগে গত মাসে ইরানের কোস্টগার্ড পারস্য উপসাগর থেকেও একটি অবৈধ ট্যাংকার জব্দ করেছিল। একই ধরনের ঘটনা সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলে ঘটেছে, যেখানে মার্কিন নৌবাহিনী একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। ওই জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি