কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে লাগা ভয়াবহ আগুন ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি স্টেশনের ২০টি ইউনিট কাজ করে যাচ্ছে। এ ঘটনায় ভবনের বিভিন্ন তলা থেকে ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গুদামটিতে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন,
“আগুনের তীব্রতা কিছুটা কমানো সম্ভব হয়েছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। ভবনটি আবাসিক ও বাণিজ্যিক মিক্সড। দোতালায় এখনও আগুনের ফুলকি রয়েছে।”
ঘটনাস্থল পরিদর্শনে এসে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, ভবনটির অনুমোদন ও নির্মাণ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, গ্যারেজের জায়গায় গুদাম তৈরি করা হয়েছে এবং ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি এটি প্রাথমিকভাবে প্রমাণিত। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/আয়েশা