রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। যারা এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত, তাদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। একই সঙ্গে তিনি হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
তিনি বলেন, আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আশা করছি, সবার সহযোগিতায় খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের হার আরও বাড়াতে হবে। এতদিন অস্ত্রের লাইসেন্স মূলত সরকারি কর্মকর্তাদের দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, প্রয়োজনে তারাও লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। যাদের অস্ত্র জমা রয়েছে, তা আইনানুগ প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে।
তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম