রিপোর্টার্স২৪ ডেস্ক: জেসিআই বাংলাদেশের নতুন ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আরেফিন রাফি আহমেদ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে ভোটগ্রহণের পর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
২০২৬ সালের জন্য ন্যাশনাল প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সংগঠনের দুই পরিচিত নেতা আরেফিন রাফি আহমেদ ও আলতামিশ নাবিল। সারাদিনব্যাপী ভোটগ্রহণ ও গণনার শেষে আরেফিন রাফি আহমেদ বিপুল ব্যবধানে বিজয়ী হন।
নির্বাচনে দেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধি ও ন্যাশনাল কাউন্সিল মেম্বার অংশগ্রহণ করেন। ভোটারদের সক্রিয় উপস্থিতি এবারের নির্বাচনকে শক্তিশালী গণতান্ত্রিক চর্চার উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সংগঠনের তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের নেতৃত্ব, সদস্যদের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং লোকাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে দৃঢ় সংযোগই আরেফিন রাফির প্রতি ব্যাপক সমর্থনের পেছনে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে।
বিজয়ী ঘোষণার পর আরেফিন রাফি আহমেদ বলেন, “এই বিজয় শুধু আমার একার নয়। এটি জেসিআই বাংলাদেশের প্রতিটি সদস্য ও লোকাল অর্গানাইজেশন এবং যারা আমাকে বিশ্বাস করেছেন তাদের সম্মিলিত সাফল্য। আপনারা যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তা আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমরা ২০২৬ সালে একসঙ্গে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রভাবশালী জেসিআই বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
নির্বাচনে ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শান শাহেদ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন আবু ফারহান, খন্দকার নাইমুল হাসান ও আল শাহরিয়ার।
ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এ.এফ.এম. ফাহমিদুর রহমান, ফারাহনাজ ফিরোজ, মো. তাসদীখ হাবিব, খন্দকার নাসিফ আকতার, আবেদ আহসান সাগর, মো. গোলাম সারওয়ার চৌধুরী, মো. রেদোয়ানুল ইসলাম, মো. শাহরিয়ার ইমরান, এস. এম. আবিদুর রহমান, মো. ওয়ালীউর রহমান খান, নকিবুল হক এবং তৌফিক হাসান।
নবনির্বাচিত এই বোর্ড ২০২৬ সালের জন্য দায়িত্ব পালন করবে।
রিপোর্টার্স২৪/আয়েশা