স্পোর্টস ডেস্ক: দুর্নীতির অভিযোগে চার ভারতীয় ক্রিকেটার সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। নিষিদ্ধ হয়েছেন অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (ACA) তাদের এই সিদ্ধান্ত নিয়েছে।
তাদের বিরুদ্ধে গোহাটিতে এফআইআর দায়ের করা হয়েছে। চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা আসামের কোনো স্বীকৃত ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারবেন না। এসব ক্রিকেটার আসামের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
প্রাপ্ত অভিযোগে বলা হয়েছে, লক্ষ্ণৌতে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে কিছু আসাম ক্রিকেটারকে ম্যাচে দুর্নীতির জন্য প্ররোচিত করেছিল তারা। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে। যদিও তারা বর্তমানে দলের অংশ নয়, তবে কী ধরনের দুর্নীতির জন্য প্ররোচিত করা হয়েছিল, তা এখনও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।
আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শনাতন দাস বলেছেন, “অভিযোগ পাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিট (ACSU)-এর সহযোগিতায় আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা গুরুতর আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমরা বিষয়টি ফৌজদারি পর্যায়ে অনুসন্ধান করছি।
ভারত সম্প্রতি স্বীকৃত যে কোনো পর্যায়ের ক্রিকেটে দুর্নীতির প্রচেষ্টা রোধে কড়াকড়ি করেছে। চারজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগও এরই অংশ। উল্লেখ্য, আসাম দল এই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি