আন্তর্জাতিক ডেস্ক: যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অনুষ্ঠান শুরু হতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মেসি মাঠে প্রবেশ করতেই কর্তা-মন্ত্রীরা তাকে ঘিরে ধরে রাখায় সাধারণ দর্শকরা তাকে দেখতে পারেননি। পাঁচ হাজার থেকে ২৫ হাজার রুপি দামে টিকিট কেটেও দর্শকরা হতাশ হন।
মাঠে উপস্থিত দর্শকরা চেয়ার, বোতল ও ব্যানার ছুড়ে মারেন, ফেন্সিংয়ের গেট ভেঙে ঢুকতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাফকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। প্রায় হাজার দু’য়েক দর্শক মাঠে ঢুকে হাঙ্গামা সৃষ্টি করেন।
মেসি মাত্র ১৬-১৭ মিনিট মাঠে থাকেন। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় ও রদ্রিগো ডি’পল। গ্যালারিতে দর্শকরা তিনটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তার উপস্থিতি দেখতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি।
ক্ষুব্ধ দর্শকদের মূল অভিযোগ নেতা-মন্ত্রীরা মেসিকে ঘিরে রাখায় সাধারণ দর্শকরা বঞ্চিত হয়েছেন। স্টেডিয়ামের অনির্দিষ্ট ও পরিকল্পনাহীন অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠান শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
পরে মেসি বিমানবন্দরের পথে রওনা দিলে পুলিশ-প্রশাসনও পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। যুবভারতীর মাঠ কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।
কলকাতা পর্বে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মেগা ইভেন্টের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতদ্রু দত্ত মাইকে বারবার ভিড় সরানোর অনুরোধ জানান, কিন্তু ভিআইপিদের কারণে কোনো ফল হয় না। বিভ্রান্ত ও অস্বস্তিতে মেসিকে মাত্র ২০ মিনিটের মধ্যে নিরাপত্তার স্বার্থে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর ক্ষুব্ধ দর্শকরা বোতল, চেয়ার ও বেল্ট ছুড়ে মারেন এবং আয়োজকদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন। পুলিশ ও র্যাফ লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী উপস্থিত থাকতে পারেননি। পরে মুখ্যমন্ত্রী এক্সে (সাবেক টুইটার)-এ ক্ষমা প্রার্থনা করেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানান, শতদ্রু দত্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আয়োজকরা দর্শকদের টিকিটের টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি