চট্টগ্রাম প্রতিনিধি: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “আমরা যদি শুধু চিকিৎসা কেন্দ্র বানাই, তা সত্ত্বেও রোগীর সঠিক যত্ন দেওয়া সম্ভব হবে না। তাই সবাইকে মিলিতভাবে রোগ প্রতিরোধে কাজ করতে হবে। ডাক্তার, নার্স ও সাধারণ মানুষ যেখানে আছেন, সেখানে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।”
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের কাট্টলীতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা তার আগে নগরীর লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
তিনি বলেন, “আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। এসডিজিতে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, সেখান থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। তাই সমন্বিতভাবে কাজ করে এগিয়ে যেতে হবে।”
নূরজাহান বেগম আরও জানান, “আমরা সরকারে রয়েছি সম্ভাব্য মাত্র দুই মাস। এই কম সময়ে যতদূর সম্ভব স্বাস্থ্য খাতে রিকোয়ারমেন্ট পূরণের চেষ্টা করব।” তিনি জানান, ইতিমধ্যেই স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য ১৭৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তিনি বলেন, “চট্টগ্রাম ও বাংলাদেশের ডায়ালাইসিস সংকট একটি গুরুতর সমস্যা। চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণে রোগীরা আর্থিক চাপের মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাস পরিবর্তন, বিশেষ করে গরুর মাংস, পান, জর্দা, সিগারেট পরিহার প্রভৃতি প্রয়োজন।”
উপদেষ্টা লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে রোগীদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং কিডনি ফাউন্ডেশনে অপারেশন থিয়েটার রুম পরিদর্শন করেন।
শুভ সূচনা অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহসভাপতি এসএম আবু তৈয়ব, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
রিপোর্টার্স২৪/আয়েশা