সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর ‘হামলাকারী শিবিরের লোক’ ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমি এ ধরনের কোনো বক্তব্য দিইনি। এসব বোগাস ও ভুয়া কথাবার্তা। ইতোমধ্যে এ বিষয়ে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এআই দিয়ে তৈরি একটি ছবি প্রচার করে আমার নামে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। ওই ছবি দেখেই রিজভী আমার বরাতে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।
এর আগে শনিবার দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী এসব মন্তব্য করেন।
সমাবেশে রিজভী বলেন, ডিএমপি কমিশনার নাকি হামলাকারীকে শনাক্ত করে তাকে শিবিরের লোক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি দাবি করেন, এটি কোনো বিএনপি নেতার বক্তব্য নয়; বরং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্য।
রিজভী আরও বলেন, ঘটনার এক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পক্ষ মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, তদন্ত শেষ হওয়ার আগেই একটি মহল পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের জড়ানোর চেষ্টা করছে।
বক্তব্যে রিজভী দাবি করেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, তদন্তের আগেই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার নাম উল্লেখ করেছেন, যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।
রিজভীর অভিযোগ, ৫ আগস্টের পর একটি মহল দেশে ‘মব কালচার’ তৈরি করেছে এবং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি অবিলম্বে হাদির ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রিপোর্টার্স২৪/এসসি