| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১৫:২২:৪৭:অপরাহ্ন  |  ৬৪১৩৩১ বার পঠিত
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ‘বেগম রোকেয়া পদক ২০২৫’–এ সম্মানিত চার নারীকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন রোকেয়া পদকপ্রাপ্ত রুবহানা রাকিব, নাবিলা ইদ্রিস, কল্পনা আক্তার ও ঋতুপর্ণা চাকমা।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রোকেয়া পদকজয়ীরা। তারা সরকারকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সংবর্ধনা নিয়ে তারা উৎফুল্ল ছিলেন, তবে সাম্প্রতিক ঘটনায় তারা বিচলিত।

রোকেয়া পদকজয়ীরা জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও প্রধান উপদেষ্টাকে জানান।

প্রধান উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলাটি পূর্বপরিকল্পিত। তিনি বলেন, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং হাদির চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হয়েছে এবং সবাই সহযোগিতা করছে।

সংবর্ধনায় প্রধান উপদেষ্টা প্রত্যেক রোকেয়া পদকজয়ীর কর্মক্ষেত্র ও কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

শ্রম অধিকার ক্যাটাগরিতে রোকেয়া পদকপ্রাপ্ত কল্পনা আক্তার শ্রম আইন সংশোধন ও আন্তর্জাতিক শ্রম কনভেনশনে স্বাক্ষরের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে এই দুটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে শ্রমিক অধিকার নিয়ে কাজ করায় তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।


প্রধান উপদেষ্টা বলেন, কল্পনা আক্তার সবসময় ন্যায্য কথা বলেন এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত। তিনি শ্রমিকদের বেতন, কর্মপরিবেশ ও শ্রম আইন বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন এবং জানান, শ্রম অধিকার নিশ্চিত করা তার অগ্রাধিকার।

গবেষক ড. রুবহানা রাকিবের সঙ্গে প্রধান উপদেষ্টা আইসিডিডিআরবি’র সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, বিদেশি সহায়তা বন্ধ হওয়ায় আইসিডিডিআরবি ও রোহিঙ্গারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকার এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার কাছ থেকে দলের থাকা-খাওয়া, অনুশীলন, নতুন খেলোয়াড় ও তাদের পারফরম্যান্স সম্পর্কে খোঁজ নেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নারী ফুটবল দল দেশের মানুষের গর্ব এবং তাদের সম্মানিত করা মানে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা।

মানবাধিকার ক্যাটাগরিতে রোকেয়া পদকপ্রাপ্ত নাবিলা ইদ্রিসের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি মানবাধিকার বিষয়ে মানুষের মধ্যে সাহস ও সচেতনতা সৃষ্টি করেছেন। নাবিলা ইদ্রিস গুমের বিচার প্রক্রিয়া শুরু করায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষে প্রধান উপদেষ্টা রোকেয়া পদকজয়ীদের গ্রামীণ নারীদের জীবনসংগ্রাম নিয়ে লেখা নিজের গ্রন্থ ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্যরা’ উপহার দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪