এ এইচ সবুজ, গাজীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং নারী সমাজের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার আ.স.ম. হান্নান শাহ্’র উত্তরসূরি ও কাপাসিয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান।
শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিয়াজুল হান্নান বলেন, আগামী নির্বাচনে নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে নিরীহ নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি কখনো ধর্মের নামে রাজনীতি করে না। কর্মঘণ্টা কমানোর নামে কর্মজীবী নারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, যার ফলে তারা কর্মহীন ও ঘরবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক ধর্ম পালনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এলাকার অর্থনীতি গতিশীল হবে এবং সাধারণ মানুষ স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। বয়স্ক ভাতা ও বিধবা ভাতার পরিমাণ বৃদ্ধি, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, ছোট পুঁজি বিনিয়োগে ব্যবসার সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কাপাসিয়ার প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামী নির্বাচনে দলের সব স্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধানের শীষে ভোট দিয়ে কাপাসিয়ার উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।
রিয়াজুল হান্নান বলেন, তাঁর পিতা মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ্ কাপাসিয়ার মানুষের উন্নয়নে ‘ফকির মজনু শাহ্ সেতু’সহ নানা অবকাঠামোগত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জীবদ্দশায় অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো জনগণের সমর্থন নিয়ে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চালানো হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনমানের আমূল পরিবর্তন ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।
৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা জনসম্পৃক্ত’ শীর্ষক কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাজহারুল হক, উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসসি