বিশেষ সংবাদদাতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, স্ত্রী, সন্তান ও ভাইবোন তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা তাকে আরও সতর্ক হতে বলেছেন। তবে সত্যি বলতে, তিনি ভয় পান না।
শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, আজ আমার দায়িত্বের ১৬ মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না। কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায়, আমার দোয়ায়।
প্রেস সচিব বলেন, তিনি দেশের নানা প্রান্তে ঘুরে লক্ষ্য করেছেন, যেখানে যাই সেখানে লাখ লাখ হাদিকে দেখছেন। তিনি বলেন, হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল বাংলার কসাইরা আর কতজনকে মারতে পারবে? এ দেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনও শেষ হয়নি।
তিনি আরও বলেন, এ প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। আশা হারানোরও কোনো কারণ দেখি না। আনাসের মতো যিনি শহীদ হওয়ার আগে মায়ের কাছে হৃদয়বিদারক একটি চিঠি লিখেছিলেন এই তরুণরা তাদের পরিবারের কাছে অঙ্গীকার করেছে, দেশটা ঠিক না করা পর্যন্ত থামবে না।
শফিকুল আলম বলেন, আমি নিশ্চিত, আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না। সামনে ধাক্কা থাকবে। শক্তিশালী দেশি ও বিদেশি শক্তি সাময়িকভাবে বাধা দেবে, তবে এই তরুণরা ভয় পায় না, তারা গন্তব্যে পৌঁছাবে।
তিনি উল্লেখ করেন, জুলাই ও আগস্টে আমরা হারিয়েছি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাফ, ফাইয়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গোপেকে। বিদেশি চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার ফাইয়াজকেও। তবু চারদিকে ছড়িয়ে আছে লাখ লাখ হাদি ও নাবিলা। তারা ভয় পায় না। আমিও না।
রিপোর্টার্স২৪/এসসি