নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূইয়া রুহেল শনিবার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ শাওড়াতলী বাজারে ৩১ দফা বাস্তবায়নের জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেছেন।
লিফলেট বিতরণকালে রুহেল বলেন, বিএনপি দেশব্যাপী জবাবদিহিমূলক ও ন্যায়সংগত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ৩১ দফা প্রস্তাব করেছে। তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব এবং নাগরিকদের মৌলিক ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করা যায়।
রুহেল মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূল পর্যায়ে সমন্বয়ের অভাবের কারণে বিভ্রান্তি তৈরি হওয়ায় পুনর্বিবেচনার দাবি জানান। তিনি বলেন, রায়পুরা বাসী মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি চালিয়েছেন।
লিফলেট বিতরণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানালেন, জনগণের ইতিবাচক সাড়া পেয়ে ভবিষ্যতে রায়পুরার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি