দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক শান্ত (২৪)–এর মরদেহ ৮ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এই হস্তান্তর সম্পন্ন হয়।
নিহত শান্ত দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন জামালপুর বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫২/৭-এস এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে আশ্রায়ন বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫৪/৩-এস এলাকার কাছে ১০–১২ জন বাংলাদেশি মাদক পাচারের উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বিএসএফের পাল্টা গুলিতে শান্ত গুরুতর আহত হন। পরে তাকে আটক করে ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বিকেলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর ৫ ডিসেম্বর কোম্পানি কমান্ডার পর্যায়ে এবং ৮ ডিসেম্বর বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোর ধারাবাহিকতায় শনিবার জামালপুর বিওপি এলাকায় মরদেহ হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।