রিপোর্টার্স২৪ ডেস্ক : হাদিকে গুলি করার মতো আরও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে। ‘আমরা আশঙ্কা করছি, এ রকম আরও ঘটনা ঘটতে পারে।’
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ অনেককে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এতে জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছে।
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাশূন্য করে দেওয়ার জন্যই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই দিনে জাতি বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে এবং স্বাধীনতার চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
রিপোর্টার্স২৪/এসএন