স্টাফ রিপোর্টার: সুদানের দক্ষিণ কোরদোফানে জাতিসংঘের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আরও ৮ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। হামলাটিকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে জাতিসংঘ মহাসচিব সতর্ক করেছেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দক্ষিণ কোরদোফানের কাদুগলিতে অবস্থিত জাতিসংঘের একটি লজিস্টিক ঘাঁটিতে এই ড্রোন হামলা চালানো হয়। এতে নিহত ও আহত সবাই আবেই অঞ্চলে মোতায়েন জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-এর বাংলাদেশি কন্টিনজেন্টের সদস্য।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে চালানো হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি সংঘাতে জড়িত সব পক্ষকে জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দেন। দক্ষিণ কোরদোফানে সংঘটিত এই হামলাকে তিনি ‘অযৌক্তিক’ বলেও উল্লেখ করেন।
মহাসচিব আরও বলেন, জাতিসংঘের পতাকাতলে বিপজ্জনক পরিবেশে দায়িত্ব পালনরত হাজারো শান্তিরক্ষীর সঙ্গে তিনি সংহতি প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি সুদানে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং স্থায়ী যুদ্ধবিরতি ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার লক্ষ্যে আলোচনায় ফেরার জন্য সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।
এদিকে শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়ের লাক্রোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, আজকের ভয়াবহ ড্রোন হামলায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা কোনো লক্ষ্যবস্তু নয়। একই সঙ্গে তিনি পুনরায় উল্লেখ করেন, এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি