সিনিয়র রিপোর্টার: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় শহীদ ৬ জন ও আহত ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে শহীদ ও আহতদের নাম ও পরিচয় জানানো হয়।
ড্রোন হামলায় শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন, কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী); সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
হামলায় আহত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন,লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া); সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর); কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা); ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম); সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার্স (রংপুর); সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ) এবং সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আহত আটজন শান্তিরক্ষীর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতোমধ্যে সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে।
একই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
উল্লেখ্য, শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেই এলাকায় দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ৬ জন শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৮ জন আহত হন।
রিপোর্টার্স২৪/এসসি