রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে দাবি করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। তাঁর দাবি অনুযায়ী, হামলাকারীদের বর্তমান অবস্থান ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে জুলকারনাইন সায়ের লিখেছেন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় জড়িত মূল শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে বলে তিনি নিশ্চিত হয়েছেন। তাঁদের বর্তমান অবস্থান গুয়াহাটি শহরে বলে দাবি করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ভারতে অবস্থানকালে হামলাকারীদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। তাঁর তত্ত্বাবধানেই অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করা হয়।
সায়ের জানান, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং একই ধরনের আরও হামলার পুনরাবৃত্তির জন্য একাধিক ‘হিট টিম’ প্রস্তুত রাখা হয়েছে বলে আশঙ্কা রয়েছে।
তিনি আরও লেখেন, মূল শুটার ফয়সাল করিম মাসুদ তার ঘনিষ্ঠদের কাছে দাবি করেছে যে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে একটি গুলির বেশি ছুড়তে পারেনি। পরিকল্পনা অনুযায়ী চারটি গুলি করার কথা ছিল বলে সে উল্লেখ করেছে।
একই সূত্রের বরাতে জুলকারনাইন সায়ের আরও বলেন, ফয়সালের মতো আরেক অস্ত্রধারী হিসেবে চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদের নাম উঠে এসেছে। সাজ্জাদকে গত ১৩ মে ২০২৫ রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায়। পরে ২৯ জুলাই ২০২৫ সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।
জুলকারনাইন সায়ের মনে করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডার বিভিন্ন মামলায় জামিনে মুক্ত হয়েছেন, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড অবিলম্বে যাচাই করা জরুরি।
রিপোর্টার্স২৪/এসসি