| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১১:৪৫:২৯:পূর্বাহ্ন  |  ১১০৩৩৬০ বার পঠিত
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি
ছবির ক্যাপশন: ছবি:বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ফুলের চাক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে স্মৃতিসৌধের বেদিতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান। 

শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন। একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তার অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়।সেসময় নাসরিনের ওপর চড়াও হন অপর পক্ষের কয়েকজন নেতাকর্মী। তাকে হেনস্তা করা হয় এবং সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের চাকও ভেঙে ফেলা হয়। পরে ভাঙা ফুলের চাক দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আফরোজা খানম নাসরিন জানান, একই সময় শ্রদ্ধা জানাতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা তার ওপর হামলা করেন। তাকে লাঞ্ছিত করা হয় এবং ফুলের চাক ভেঙে ফেলা হয়। এ ঘটনার তিনি আইনি পদক্ষেপ না নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় যাওয়ার কথা জানান।

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান বলেন, কর্মীদের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪