চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাজার থেকে খোলা পণ্য কিনে অন্যের প্যাকেট ব্যবহার করে জিরা, কিসমিচ ও মসলা প্যাকেটজাত করে বিক্রির দায়ে মেসার্স সততা ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজে বাসী খাবার সংরক্ষণের অপরাধে মাস্টার এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং পেঁয়াজ বিক্রির সময় পাকা ভাউচার না দেওয়ায় রফিক এন্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভুয়া নাম-ঠিকানাযুক্ত প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্তরা ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করেন। এ সময় অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
পুরান বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ দল ও জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম অভিযানে সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/বাবি