নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মাঝখানে নির্মিত একটি সেতু প্রায় এক দশক ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেতুটির দুই পাশে কোনো সংযোগ সড়ক না থাকায় স্থানীয়রা এর কোনো সুবিধা পাচ্ছেন না।
লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ১৯ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে মাকড়াইল এলাকায় ২৪ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সেতুর সঙ্গে সংযোগ সড়ক না থাকায় এটি কোনো কাজে আসছে না। কৃষকরা জানান, রাস্তা না থাকায় বিলে যেতে এখনো দীর্ঘ পথ ঘুরে যেতে হয়।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা পিআইও শরিফ মোহাম্মদ রুবেল বলেন, সেতু নির্মাণের সময় কেন সংযোগ সড়ক করা হয়নি তা জানা নেই। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে সেতুর দুই পাশে মাটি ভরাটের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
রিপোর্টার্স২৪/বাবি