| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিয়াকৈরে আনসার সদস্যের বিচার দাবিতে বিধবা নারীর অবস্থান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৩:৫৫:৩২:অপরাহ্ন  |  ১১৩২১৬৬ বার পঠিত
কালিয়াকৈরে আনসার সদস্যের বিচার দাবিতে বিধবা নারীর অবস্থান
ছবির ক্যাপশন: নির্যাতনের অভিযোগ: আনসার একাডেমির গেটে বিধবা নারীর কর্মসূচি

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক বিধবা নারীকে একাধিকবার নির্যাতনের অভিযোগে ব্যাটালিয়ন আনসার সদস্যের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার(১৪ ডিসেম্বর) সকালে কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির ৩ নম্বর গেট এলাকায় এ কর্মসূচি পালন করেন নির্যাতিতা।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে আনসার ভিডিপি একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন ওই বিধবা নারী। এ সময় তাঁর সঙ্গে তাঁর বাবা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী নারীর নাম কুলছুম বেগম। তিনি কালিয়াকৈর উপজেলার ওলুসারা গ্রামের মৃত রাসেল মিয়ার স্ত্রী।

কুলছুম বেগম জানান, আনসার একাডেমির ২ নম্বর গেটসংলগ্ন একতা টাওয়ারে তিনি ও তাঁর নিকটাত্মীয়রা ফ্ল্যাট ক্রয় করেন। ২০২৩ সালের ১৪ মে সকাল সাড়ে ১০টার দিকে স্বজনদের ফ্ল্যাটের চলমান কাজ দেখতে গেলে একই ভবনের বাসিন্দা ব্যাটালিয়ন আনসার সদস্য শিরিন আক্তার ডিউটি ফাঁকি দিয়ে সেখানে এসে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কোনো কথা না বলেই তাঁকে কাঠের বাটাম দিয়ে বেদম মারধর করেন। এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

নারীর চিৎকারে ভবনের লোকজন ছুটে এলে অভিযুক্ত আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত অবস্থায় কুলছুম বেগমকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২০২৩ সালের ১৬ মে তিনি গাজীপুর-১ আদালতে শিরিন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে পিবিআই সাক্ষ্যপ্রমাণসহ আদালতে প্রতিবেদন দাখিল করে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের ৭ ডিসেম্বর বিকেল পৌনে ৩টার দিকে ফ্ল্যাটের ভাড়া তুলতে গেলে শিরিন আক্তার তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে এমন মিথ্যা অভিযোগ তুলে তাঁকে রাস্তায় আটকিয়ে মারধর করেন এবং ফ্ল্যাটে আটকে রাখেন। পরে নির্যাতিতা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। এ ঘটনার ভিডিও ফুটেজসহ তিনি কালিয়াকৈর থানা ও আনসার ভিডিপি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন।

দুই দফা মারধর ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবিতে রোববার সকাল ১০টার দিকে তিনি আনসার একাডেমির ২ নম্বর গেটে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচির একপর্যায়ে একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ভেতরে নিয়ে যান এবং অভিযুক্ত ব্যাটালিয়ন সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর তিনি কর্মসূচি প্রত্যাহার করে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে অভিযুক্ত ব্যাটালিয়ন আনসার সদস্য শিরিন আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪