সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলীর ইসলামি জালসায় মাদ্রাসা শিক্ষা বিরোধী একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যটি নিয়ে সমালোচনার ঝড় বইছে উপজেলাজুড়ে।
জেলার উল্লাপাড়া উপজেলার কুমারগাতী কবরস্থানের উন্নতিকল্পে স্থানীয়দের আয়োজিত ইসলামি জালসায় দেওয়া এম আকবর আলীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব এ্যাকাউন্টে পোস্ট করেন উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক মো: শরিফুল ইসলাম বাবলু। ভিডিওটি প্রায় দেড় লক্ষ মানুষ দেখেছে, রিএ্যাকশন করেছেন হাজারও মানুষ।ফেসবুকের কমেন্ট অপশনে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন অধিকাংশ নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায় ইসলামি জালসার মঞ্চে বক্তার পাশের আসনে বসে বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী।
বক্তব্যে তাকে বলতে শোনা যায়, ওখানকার (মাদ্রাসা) লেখাপড়া কোন কাজের না, আমিওতো ওখানে পড়েছি। পরে স্কুল-কলেজে পড়াশোনা করে চাকরি করেছি, ব্যাবসা করেছি।
বক্তাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, উনারা মাদ্রাসায় পড়ালেখা করেছে, মাদ্রাসায় পড়ে কোন বড় চাকরি পাবে না, সচিব হতে পারবে না, আর্মি চিফ হতে পারবে না।
তার এই বক্তব্যে বিব্রত হয়ে ইসলামি জালসার বক্তাকে মঞ্চ ত্যাগ করতে দেখা যায়। পরে আয়োজকদের অনুরোধে তিনি পুনরায় মঞ্চে উঠে তাশরিফ পেশ করেন।
এসময় তিনি এম আকবর আলীর নাম উল্লেখ না করেই মাদ্রাসা শিক্ষা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া, বৃদ্ধ বয়সেও সুন্নত পালন না করা ও ইসলাম বিরোধিতার কঠোর সমালোচনা করেন।
রিপোর্টার্স২৪/এসসি