নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাকের চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী-রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব রাণীনগর উপজেলার খট্রেশর গ্রামের মৃত বরকতের ছেলে। আহতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালি উপজেলার আজগর হোসেন (৩১), নওগাঁ সদর উপজেলার মালেকা বেওয়া (৫০) এবং জেরিন (২০)।
স্থানীয়রা জানায়, নওগাঁ থেকে তিন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি রাণীনগরের দিকে যাচ্ছিল। পিরোজপুর এলাকায় অটোরিকশাটি নওগাঁ অভিমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে সড়কের নিচে পড়ে এবং অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই চালক মোতালেব মারা যান। আহত যাত্রীদের উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি