রিপোর্টার্স২৪ডেস্ক: বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আরও দুই দিনের জন্য আমদানি অনুমতি (আইপি) বাড়িয়েছে সরকার। ১৫ ও ১৬ ডিসেম্বর—এই দুই দিনে প্রতিদিন ৫৭৫টি করে আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপির বিপরীতে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানির সুযোগ থাকায় দুই দিনে মোট ৩৪ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি মিলবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমদানির শর্ত আগের মতোই বহাল থাকবে। ১ আগস্ট থেকে যারা পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেছেন, কেবল তারাই এই দুই দিনে আবেদন করতে পারবেন এবং একজন আমদানিকারক একবারের বেশি আবেদন করতে পারবেন না।
উইংটির তথ্যমতে, গত আট দিনে ভারত থেকে মোট ১৯ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ৭ ডিসেম্বর প্রতিদিন ৫০টি আইপির মাধ্যমে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হলেও বাজারে দাম সহনীয় না হওয়ায় আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, রোববার ঢাকা মহানগরীর বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। যদিও ৭ ডিসেম্বর থেকে আমদানিকৃত পেঁয়াজ বাজারে ঢুকতে শুরু করেছে, তবে এখনো টিসিবির তালিকায় আমদানিকৃত পেঁয়াজের আলাদা দাম উল্লেখ করা হয়নি।
রিপোর্টার্স২৪/বাবি