চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘ ৩৪ বছর পর আবার একত্রিত হলেন স্কুলজীবনের সহপাঠীরা। সময়ের ব্যবধানে চুলে পাক ধরলেও বন্ধুত্বের উষ্ণতা অটুট—এরই প্রতিফলন ঘটল এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে। গত শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে দিনব্যাপী নানা আয়োজনে এই বর্ষপূর্তি পালিত হয়।
সকাল ৯টায় নিবন্ধন ও উপহার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রয়াত বন্ধুদের স্মরণে শোক প্রস্তাব, নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
আহ্বায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আলো শুভেচ্ছা বক্তব্যে বন্ধুত্বের শক্তি ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। এরপর স্মৃতিচারণ, ছবি তোলা ও প্রাণবন্ত আড্ডায় মিলনমেলা পরিণত হয় আবেগঘন এক পুনর্মিলনীতে।
দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে সংগীত, নৃত্য ও বিশেষ পরিবেশনায় অংশ নেন ক্লাবের সদস্যরা ও অতিথি শিল্পীরা। ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
এই আয়োজনে সারা দেশ থেকে সাড়ে আট শতাধিক সদস্য নিবন্ধন করেন। অংশগ্রহণকারীদের স্মারক উপহার প্রদান করা হয়। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্যরা।
রাতে র্যাফেল ড্র ও সমাপনী বক্তব্যের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আয়োজনে প্রমাণিত হয়—সময় বদলায়, বয়স বাড়ে, কিন্তু বন্ধুত্ব কখনো পুরোনো হয় না।
রিপোর্টার্স২৪/বাবি