নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪৫ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
এবার ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন ছেলে এবং ৩২ জন মেয়ে। প্রতি বছর কলেজটি শুধু মেডিকেল নয়, রুয়েট, কুয়েট, চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তি করে থাকে। রেকর্ডসংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে সুযোগ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বাণী শোনা গেছে।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে উচ্চ ফলাফল করছে। এবার ৪৫ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে, তবে সবার তথ্য নিশ্চিত হলে সংখ্যা আরও বাড়তে পারে।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ২০২০ সালে নাম পরিবর্তন করে প্রতিষ্ঠিত হয়। এটি শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ দিয়ে থাকে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
রিপোর্টার্স২৪/বাবি