| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চানখারপুল হত্যাকাণ্ড মামলা নতুন মোড়ে

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ শুরু হচ্ছে যুক্তিতর্ক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৩:৪৭:৪৯:পূর্বাহ্ন  |  ১১০২৩২০ বার পঠিত
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ শুরু হচ্ছে যুক্তিতর্ক

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। এই মামলায় আসামি হিসেবে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন।

সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক বেঞ্চে যুক্তিতর্কের এ কার্যক্রম শুরু হবে।

কার্যসূচি অনুযায়ী, প্রথমে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন তাদের যুক্তি তুলে ধরবে। এরপর আদালতে উপস্থিত গ্রেপ্তারকৃত আসামিদের পাশাপাশি পলাতক আসামিদের পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। সবশেষে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে পাল্টা যুক্তি ও খণ্ডন উপস্থাপন করা হবে। এই পর্যায় শেষ হলে মামলাটি রায় ঘোষণার জন্য প্রস্তুত হবে। চলতি ডিসেম্বর মাসের মধ্যেই উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, গত ১০ ডিসেম্বর মামলার এক আসামি শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দেন জুয়েল মাহমুদ। তিনি আদালতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তিনি শহীদ মিনারে অংশ নেন এবং পরে আরশাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হলে সরকার পতনের বিষয়টি তাকে অবহিত করেন। পাশাপাশি ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে নিজ পক্ষে নিজেই সাফাই সাক্ষ্য দেন আরশাদ হোসেন।

এ মামলায় বর্তমানে গ্রেপ্তার থাকা চার আসামি হলেন, শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।

অন্যদিকে পলাতক চার আসামির মধ্যে রয়েছেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং একই অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুলাই এই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলিবর্ষণ করলে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এই ঘটনার বিচার ঘিরেই চলছে আলোচিত এই মামলা।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪