রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে বায়ুদূষণের ভয়াবহ চিত্রে শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ বায়ুগুণমান সূচক অনুযায়ী, ১২৭টি দেশের শহরের মধ্যে দিল্লির বাতাস বর্তমানে সবচেয়ে দূষিত। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দশম অবস্থানে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩৩ মিনিটে প্রকাশিত আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, দিল্লির বায়ুমান সূচক ৩১৬, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে। এই মাত্রার দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
দূষণের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি ও লাহোর। এই দুই শহরের বায়ুমান সূচক ছিল ২০০, যা ‘অস্বাস্থ্যকর’ স্তরের একেবারে উচ্চ পর্যায়ে অবস্থান করছে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, যেখানে বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ১৮৩।
অন্যদিকে, ঢাকার বায়ুমান সূচক ছিল ১৫৫। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
রিপোর্টার্স২৪/ঝুম