| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় স্টপেজসহ সাত দফা দাবিতে রেলপথ অবরোধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৮:২০:৩০:পূর্বাহ্ন  |  ১০৯৭০৮৬ বার পঠিত
কুষ্টিয়ায় স্টপেজসহ সাত দফা দাবিতে রেলপথ অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি : আন্তঃনগর সব ট্রেনের স্টপেজ চালু, স্টেশন মাস্টার নিয়োগ, প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নসহ সাত দফা দাবিতে রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর শুয়ে পড়ে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করীম, উপজেলা জামায়াতের আমির রেজাউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রহমত আলীর রব্বান, মিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু, মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর রেলওয়ে স্টেশন অবহেলিত। আন্তঃনগর ট্রেনের নিয়মিত স্টপেজ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ নানা ক্ষেত্রে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই সব বাধা অতিক্রম করে মিরপুর রেলওয়ে স্টেশন আধুনিকায়নের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।

অবরোধের ফলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে আটকে পড়ে। এতে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলে সাময়িক অনিশ্চয়তা ও সিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।

এদিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক আন্দোলনকারীদের জানান, রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে জেলা প্রশাসক মহোদয় বলেছেন—আগামী সাত দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪