রিপোর্টার্স২৪ ডেস্ক: সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাম থাকা অন্য দুইজন হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
অভিযোগ সূত্রে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়ে আসছে। অভিযোগ অনুযায়ী, তারা দেশের স্থিতিশীলতা ও অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ৫ আগস্ট ২০২৪–এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে বলেও অভিযোগে দাবি করা হয়।
অভিযোগে বলা হয়, এসব বক্তব্য ও পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মী অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী অপরাধে জড়িত হচ্ছে।
এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে তার বক্তব্য নিয়ে তিনি আলোচনায় ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি