রিপোর্টার্স২৪ ডেস্ক: সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলায় রূপান্তরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পক্ষ থেকে ডিবি কার্যালয়ে আসছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একই দিন রাত আনুমানিক আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পাশাপাশি আরও দুজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দীর্ঘদিন কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে দেওয়া বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি