নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরেই জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়ি এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই তার গোয়ালঘর। সেখানে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করতেন। রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে দুটি গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ শেষে গোয়ালঘরে গিয়ে তিনি দেখেন দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশক্রতার জেরে চেতনানাশক ইনজেকশন দিয়ে গরু দুটি জবাই করেছে দুর্বৃত্তরা।
কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কে এই জঘন্য কাজটি করেছে এবং কেন করেছে, কিছুই বুঝতে পারছিনা। ফজরের নামাজ শেষে গোয়ালঘরে গিয়ে দেখি গরু দুটির জবাই করা অবস্থায় পড়ে আছে।’
যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।