| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের চার আসনে নির্বাচন: প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১১:১৭:৪১:পূর্বাহ্ন  |  ১১১২৩৫৯ বার পঠিত
ঝিনাইদহের চার আসনে নির্বাচন: প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র

ঝিনাইদহ প্রতিনিধি : আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। অভিজ্ঞ রাজনীতিকের পাশাপাশি নতুন ও আলোচিত মুখের উপস্থিতিতে এবারের নির্বাচন স্থানীয়ভাবে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।

ঝিনাইদহ-১ (শৈলকুপা)
শৈলকুপা আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে দুই হেভিওয়েট নেতার নাম আলোচনায় রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী থাকা সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি নেতা মো. আসাদুজ্জামান এবং খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী থেকে শৈলকুপা উপজেলা আমির এ এস এম মতিউর রহমান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টির প্রার্থীরাও নিজ নিজ অবস্থান তুলে ধরছেন।

ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু)
জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনে একাধিক প্রার্থী সক্রিয় রয়েছেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দলীয় কর্মসূচি ও জনসভায় ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে সাবেক বিএনপি হুইপ ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমানের পুত্র, জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবুর নামও আলোচনায় রয়েছে। জামায়াতে ইসলামী থেকে জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবু বক্কার প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এছাড়া গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. এইচ এম মমতাজুল করিম নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছেন।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর)
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি। মনোনয়ন ঘোষণার আগে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ একাধিক প্রার্থী মাঠে সক্রিয় ছিলেন। জামায়াতে ইসলামী থেকে কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান প্রার্থী হিসেবে রয়েছেন। পাশাপাশি অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ)
কালীগঞ্জ আসনে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টা মুর্শিদা জামান বেল্টুর নামও আলোচনায় রয়েছে। গণঅধিকার পরিষদ থেকে ঝিনাইদহ জেলা সভাপতি অধ্যক্ষ সাখাওয়াত হোসেন এবং জামায়াতে ইসলামী থেকে মাওলানা আবু তালেব প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

সার্বিক চিত্র
চারটি আসনেই রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি, ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ঝিনাইদহের রাজনৈতিক মাঠে উত্তাপ আরও বাড়বে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪