| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুর–৩ আসনে ঐক্যবদ্ধ বিএনপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১১:২৩:৩৪:পূর্বাহ্ন  |  ১১০২৯১৪ বার পঠিত
গাজীপুর–৩ আসনে ঐক্যবদ্ধ বিএনপি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ডা. অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর নাম ঘোষণা হওয়ার পর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যে দ্বন্দ্ব ও মতবিরোধ দেখা দিয়েছিল, তা ধীরে ধীরে কেটে গিয়ে ঐক্যের পথে এগোচ্ছে দলটি।

নির্বাচনী তফসিল ঘোষণার পর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ তৈরি হয়। এর ধারাবাহিকতায় সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) গাজীপুর–৩ আসনের মনোনীত প্রার্থী ডা. অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর উদ্যোগে দলীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এক মিলনমেলায় অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে পূর্বের সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ সময় মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রতিদ্বন্দ্বী নেতারাও একে অপরকে মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার ঘোষণা দেন।

ডা. অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ। গাজীপুর–৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

দলীয় সূত্রে জানা যায়, আগামী দিনগুলোতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সভা, গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করা হবে। স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির এই ঐক্যবদ্ধ অবস্থান নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন। অনেক ভোটারই ধারণা করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গাজীপুর–৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারের এই উদ্যোগকে গাজীপুর–৩ আসনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪