| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইটভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১১:৪০:৪৩:পূর্বাহ্ন  |  ১১০৮২৪৮ বার পঠিত
ইটভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইটভাটা উচ্ছেদ করতে এসে শ্রমিকদের বাধার মুখে ফিরে গেছেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট। সোমবার দুপুর ৩টার দিকে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি টিম ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযান চালান।

এ সময় শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে প্রতিবাদ শুরু করেন। তারা বলেন, ভাটা ভাঙতে হলে তাদের লাশের ওপর দিয়েই ভাঙতে হবে। তাদের দাবি, এই ভাটায় প্রায় ২০০টি শ্রমিক পরিবার কাজ করে। এখন ভাটা ভেঙে দিলে তারা না খেয়ে মরবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান এবং কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম।

ইটভাটার শ্রমিক চান্দু মিয়া জানান, তারা প্রতিবছর কোনো না কোনো ভাটায় কাজ করেন। এ বছর এখানে কাজ করছেন। এখানে ২০০ জনের বেশি শ্রমিক রয়েছেন। এখন ভাটা উচ্ছেদ করা হলে সবাই বেকার হয়ে যাবেন। ভাটা ভাঙলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। তাদের দাবি, এ বছর যেন ভাটা ভাঙা না হয়। আগামী বছর তারা আর ভাটায় কাজ করবেন না বলেও উল্লেখ করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ইটভাটা উচ্ছেদের বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। সোমবার দুপুরে মকছেদ আলী ব্রিকসে যাওয়ার পর শ্রমিকরা শুয়ে পড়ে ভাটা না ভাঙার জন্য অনুরোধ করতে থাকেন। ফলে পরিস্থিতি অনুকূলে ছিল না। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তাদের পরামর্শে অভিযান স্থগিত করে ফিরে আসা হয়। তবে এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করবে বলে তিনি জানান।

এ বিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান কোনো বক্তব্য দিতে রাজি হননি। এর আগে কালীগঞ্জ পৌরসভার কোটচাঁদপুর সড়কের অপর একটি ভাটা এএমবিএম ব্রিকস উচ্ছেদ করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪