মাগুরা প্রতিনিধি : মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে (মাগুরা সদর–শ্রীপুর) মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আটক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আঠারোখাদা নামক এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদের হাত থেকে মাগুরা-১ আসনের (মাগুরা সদর–শ্রীপুর) মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।
এ সময় মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে কোনো হুমকির মুখে পড়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কুতুবুল্লাহ হোসেন বলেন, তিনি কোনো দলের হয়ে মনোনয়ন সংগ্রহ করতে আসেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন। এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং তিনি মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে।
তিনি আরও বলেন, ২০১০ সাল পর্যন্ত তিনি শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এরপর আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন না। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। পরবর্তীতে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিকে আটকের বিষয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি তদন্তাধীন মামলা রয়েছে।
এদিকে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা পর্যন্ত মাগুরা-১ ও মাগুরা-২ আসনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
প্রথম দিনে মনোনয়ন সংগ্রহকারীরা হলেন—মাগুরা-১ আসনের (মাগুরা সদর–শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল মতিন এবং মাগুরা-২ আসনের অধ্যাপক এম বি বাকের। বিএনপি থেকে মাগুরা-২ আসনে মনোনীত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রিপোর্টার্স২৪/এসএন
রিপোর্টার্স২৪/এসএন