স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিদ্যমান নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ চিঠি পাঠান।
‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অধস্তন আদালতসমূহে নিরাপত্তা জোরদারকরণ ও প্রয়োজনীয় নিরাপত্তা বিধান গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে বলা হয়, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। অধস্তন আদালতগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হয়। বর্তমান প্রেক্ষাপটে এসব আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ব্যতীত বিচারপ্রার্থী ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো ধরনের সমাবেশ ও মিছিল, বৈধ বা অবৈধ অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক এবং মাদকদ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে অধস্তন আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ জোরদার, বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের চলাচল নিবিড়ভাবে তদারকি, আদালত এলাকায় যেকোনো ধরনের সমাবেশ ও মিছিল এবং নিষিদ্ধ সামগ্রী বহন রোধ, বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা ও তাদের সরকারি ও ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আদালতসমূহে বিচারকার্য যেন নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য আইজিপিকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি